জামালপুর সংবাদদাতা : জামালপুরে ১ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালিত হয়। ১৮ দলীয় জোটের অবরোধের প্রথম দিনে ভাংচুর পাল্টা-পাল্টি হামলার ঘটনায় মোবাইল কোর্টে ৫জনের সাজাসহ মামলা দায়েরের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি। অবরোধকারীরা পুলিশের উপর হামলা, ভাংচুর করায় মামলাটি দায়ের করা হয়। মামলায় বিএনপি-জামাতসহ জোটের ১৬২জনকে আসামী করার কথা জানাগেছে।
১ডিসেম্বর রোববার এ ঘটনায় বিএনপি নেতা-পৌর কাউন্সিলর তরুণ হাসান কাজলসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হরতাল চলাকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। ওদিকে দোকান ভাঙচুরের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনুর নেতৃত্বে তামালস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে। শহর জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




