কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে চোরাচালানীকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মাদরা বাজার মোড়ে কয়েকটি মোটরসাইকেল যোগে ২০/২১ জনের একটি দল এসে ছুরি, হাতুড়ি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাদরা গ্রামের সোবহানের পুত্র আবুল হোসেন (৩৫) কে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় স্থানীয় জনতা ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে গেলেও হাতুড়ি, ছুরিসহ হামলাকারী দলের ৩সদস্যকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পার্শ্ববর্তী মাদরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলো উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আবু বকরের পুত্র মফিজুল ইসলাম (২৩), আজিজুলের পুত্র বাবলা (২২) ও বাকের আলীর পুত্র হাসান (২৮)। আহত আবুল হোসেনকে স্থানীয়রা সোনাবাড়িয়ার একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ১৫/১৬টি সেলাই দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্র গুলো আরো জানায়, স¤প্রতি গরুর চামড়া ভারতে পাচারের সময় আবুল হোসেন সোর্স হিসেবে ওই চামড়া ধরিয়ে দেয়ায় প্রতিপক্ষ চোরাচালানীরা প্রতিশোধ নিতে তার উপর হামলা চালিয়েছে। এদিকে অপর একটি সূত্র জানায়, ৭টি মোটরসাইকেল যোগে ২০/২১জনের হামলাকারী দলটি প্রথমে সীমান্তবর্তী ভাদিয়ালী গ্রামের জনৈক মনু মিয়ার কাছে টাকা পাবে বলে সেখানে গিয়ে তাকে খুজে না পেয়ে মাদরা বাজার মোড়ে এসে কয়েক বোতল মদ পান করে। পরে সেখানে অবস্থানরত মনু মিয়ার সহযোগী মাদরার আবুল হোসেনকে কুপিয়ে আহত করে। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে জানান আহত আবুল হোসেন। আর আটক ৩ব্যক্তি নিজেদেরকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাক বলে দাবি করেন। কলারোয়া থানার ওসি শাহ দারা খাঁন পিপিএম জানান, বিকেলে উপজেলা পরিষদে বসা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন আটক ৩ব্যক্তিকে ২মাসের কারাদন্ড প্রদান করেন।




