ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আ’লীগের সংসদ সদস্য বজললু হক হারুনকে রাজাপুরে অবাঞ্চিত ঘোষণা করেছে দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনিরের সমর্থকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা আ’লীগ অফিসে সাংবাদিক সম্মেলন করেছে । উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, সংসদ সদস্য বজললু হক হারুন একজন রাজাকার পরিবারের সদস্য। ছাত্র জীবনে তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৯১ সালে তিনি পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি গত ৫ বছরে উপজেলা আ’লীগের কোন নেতাকর্মীর খোজখবর নেননি এবং কোন জাতীয় কর্মসূচি পালন করেননি। এ ছাড়াও সংবাদ সম্মেলনে এমপি হারুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মুয়াজ্জেম হোসেন, আ’লীগ নেতা জালাল আহম্মেদ, ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হোসেন, কামরুল ইসলাম, দেবাশীষ ঘরামী দেবু, রুবেল তালুকদার ও জামাল হোসেনসহ মনির সমর্থিত আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। উল্লেখ্য ঝালকাঠি-১ আসনে বিএইচ হারুন আ’লীগের মনোনয়ন পাওয়ার খবরে এ কর্মসূচি করা হয়।




