সিরাজগঞ্জ প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে একজন পথচারী যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত: ১০ জন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন রাস্তায় টহল জোরদার করেছে। জেলা বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার জগাইমোড়ে পিকেটিংয়ের চেষ্টা করে বিএনপি কর্মীরা। এ সময় সেখান থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজকে আটক করে পুলিশ। এ ঘটনার জের ধরে পুলিশের উপর হামলা করলে পুলিশÑবিএনপি সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও ফাকা গুলি ছোড়ে । এতে এক পথচারিসহ ১০ অবরোধকারি আহত হয়। আহত পথচারি ছাকমানকে (৩৫) শহরের মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুয়াকান্দি গ্রামে। সে পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে।
এদিকে পুলিশ জানিয়েছে, নিহত ছাকমান পালাতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। অপরপক্ষে প্রত্যক্ষদর্শীদের মতে, ছাকমান পুলিশের ছুড়া টিয়ারশেলের ধোয়ায় দম বন্ধ হয়ে পুকুরে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে। অপরদিকে শহরের রেলগেটে একটি ট্রাকে আগ্নিসংযোগ করা হয়েছে। ঘটানো হয়েছে ৫টি ককটেলের বিস্ফোরন। এছাড়াও সোমবার রাতে ও আজ সকালে শহরের বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরন ঘটানো হয়েছে। সদর উপজেলার চন্ডিদাসগাতি ও ভদ্রঘাটে দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। মহাসড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।




