
জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের বড় অংশের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। তিনি ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এক সমাবেশে ওই সিদ্ধান্তের ঘোষণা দেন। এ সময় আবেগাপ্লুুত হয়ে বলেন, তৃণমূল মানুষের সঙ্গে সব সময় ছিলাম, থাকবো। তৃণমূল মানুষের মতামত ছাড়া একটি পা ও ফেলবো না। এরপর নেতাকর্মীরা দু’হাত তুলে বাদশাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করার সমর্থন জানান।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, মোক্তার হোসাইন, আসাদুজ্জামান, কলসপাড় ইউনিয়নের সভাপতি তমসের আলী, রাজনগর ইউনিয়নের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম শামছুদ্দিন, তৌহিদুল ইসলাম খোকন, আসাদুজ্জামান সোহেল, আতিকুর রহমান মানিক প্রমুখ। এসময় বক্তারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সমালোচনা করেন এবং তাদের অবমূল্যায়নের চরম প্রতিশোধ নিতেই এবার বাদশাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





