সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার হতে রাজধানী ঢাকায় চলাচলকারী শীতাতপনিয়ন্ত্রিত বিআরটিসি বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে সাপাহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর রবিবার বিকেলে সাপাহার বাসীর পক্ষ থেকে বাস হোল্ডার মোঃ আসমত আলী ওই সংবাদ সম্মেলনে বলেন, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাপাহারে এক সরকারী সফরে সাপাহারবাসীর আবেদনের প্রেক্ষিতে সাপাহার হতে রাজধানী ঢাকা শহরের সাথে যোগাযোগের জন্য বিআরটিসি বাস বরাদ্দ দেন। সে মোতাবেক সাপাহারের জন্য বিআরটিসি বাস বরাদ্দ দেয়া হলে ১৫ নভেম্বর রাতে আনুষ্ঠানিক ওই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। কিন্ত নওগাঁ বাস মালিক কর্তৃপক্ষ সম্পুর্ন অবৈধ পন্থায় পেশী শক্তির জোরে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়ায় সাপাহারবাসীর দীর্ঘ দিনের আশা এখন নিরাশায় পরিণত হতে বসেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সাপাহারের নামে বরাদ্দকৃত সরকারী বিআরটিসি বাস সাপাহার হতে রাজধানী ঢাকায় র্নিবিঘ্নে রাস্তায় চলাচলের যাবতীয় ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এসময় ওই সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাপাহার বনিক সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সমাজ সেবী মোঃ মোতাহার চৌধুরী আলহাজ্ব ইব্রাহীম হোসেন সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অবিলম্বে সাপাহার হতে রাজধানী ঢাকা শহরের সাথে যোগাযোগকারী বিআরটিসি বাস চলাচলের ব্যবস্থা গ্রহণ করা নাহলে সাপাহারবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহণ করবে বলেও সংবাদ সম্মেলনে ঘোষনা দেয়া হয়।




