শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের ঘোষণায় সর্বত্র জল্পনা-কল্পনা শুরু হয়েছে ওই মন্ত্রিসভায় কে কে থাকছেন? ১৭ নভেম্বর রবিবার রাতে রাজনৈতিক শীর্ষ মহলসহ বিভিন্ন দায়িত্বশীল সূত্রে ২১ থেকে ২৫ সদস্যের সম্ভাব্য মন্ত্রিদের একটি তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, ওবায়দুল কাদের, আবদুর রাজ্জাক, দীপু মনি, ব্যারিষ্টার শফিক আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ সর্বদলীয় সরকারে থাকতে পারেন। জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ, জি এম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সালমা ইসলাম, অ্যাডভোকেট সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু, মঈনুদ্দীন খান বাদলের নাম থাকছে বলে ব্যাপকভাবেই আলোচিত হচ্ছে।
মহাজোটের শরিক দল জাতীয় পার্টি কয়েক দিন ধরেই নানা রকম মন্তব্য করলেও শেষ পর্যন্ত সর্বদলীয় সরকারে যোগ দিচ্ছে বলে জানা গেছে। সোমবার সকাল ১১টায় জাতীয় পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জুও সর্বদলীয় সরকারে থাকছেন- এমনটিই রাজনৈতিক পাড়ায় চাউড় হয়েছে। তবে সব সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন বলে জানিয়েছেন সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। ফলে শেষ মুহূর্তে সম্ভাব্য ওইসব নামে পরিবর্তন আসতে পারে।




