পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ জনকে নেছারাবাদ থানা পুলিশ গ্রেফতার করেছে। ১১ নভেম্বর সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার শাহজাহানের ছেলে বাবুল, বজলু তালুকদারের ছেলে মিজান ও আব্দুল হাই’র ছেলে কবির হোসেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, উপজেলার জলাবাড়ী পরিত্যাক্ত ইট ভাটা এলাকায় ১৫/২০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই রঞ্জন, এস আই আলমগীর ও এ এস আই আ. করিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য তারা দীর্ঘদিন ধরে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিল।






