চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার প্রধান প্রতিবেদক শেখ সালাউদ্দিন ফিরোজ (৪৭) কে এলোপাথারী কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিরোজ চাটমোহর বাসস্ট্যান্ড এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
মঙ্গলবার রাত একটার দিকে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আলম হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আহত ফিরোজের পারিবারিক সুত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় বাইরে থেকে কাজ শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন বাসায় প্রবেশের ঠিক আগ মুহুর্তে অজ্ঞাত দূর্বৃত্তরা পিছন থেকে ফিরোজকে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটায় রাতেই ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন জানান, বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ফিরোজের অপারেশন করা হয়। তার ডান কান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, হামলার কারণ সম্পর্কে তাৎক্ষনিক ভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী আলম হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। আলমের বাড়ি উপজেলার লাউতিয়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




