এম. এ করিম মিষ্টার, নীলফামারী : টানা হরতাল আর রাজনৈতিক অস্থিরতায় নীলফামারীতে চাল, আটা, ময়দা ও চিনির দাম স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ৫-৬ টাকা। ৫ নভেম্বর সরেজমিনে জেলার খুচরা ও পাইকারী বাজার ঘুরে জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠায় বড় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের মুনাফা লিপ্সার কারণে খুচরা বাজারে পণ্যের দাম উর্ধ্বমুখি হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষ উৎকন্ঠিত হয়ে পড়েছে। গত ৭ দিনের বাজার মুল্যের চেয়ে মঙ্গলবার হরতালের কারণে জাত ভেদে চাল কেজি প্রতি ৫ টাকা থেকে ৬ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বাজারে ৩০ টাকার মোটা চাল ৩৫ টাকাসহ সব ধরণের চালের দাম বেড়েছে। চালের সঙ্গে আটা-ময়দার দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারে ২৫ টাকা কেজির আটা ৩০ টাকা এবং ৩২ টাকার ময়দা ৩৭ টাকায় বিক্রি করা হচ্ছে। কদিন আগে ৪৪ টাকা কেজি দরের চিনি ৪৮ টাকা থেকে ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে। পণ্যের আমদানি ও মজুদে কোন ঘাটতি না থাকলেও মুনাফালোভী বড় ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করেছে বলে সূত্র জানিয়েছে।




