মেহের আমজাদ, মেহেরপুর : দেশব্যাপি ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মেহেরপুরে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ফলে সড়কগুলিতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটা মোড়, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা। কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক ওই অবরোধে অংশ নেয়। রাজনগরে জামায়াতের বিপুল সংখ্যক মহিলা কর্মিকে অবরোধে অংশ নিতে দেখা গেছে। হরতালের কারণে আন্ত:জেলা ও দূরপাল্ল¬ার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সব ধরণের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




