মো.মহসিন মাতুব্বর আমতলী (বরগুনা) : বরগুনার তালতলীতে রাখাইনদের প্রবারনা উৎসব ২১ অক্টোবর শেষ হয়েছে। তালতলীতে আদিবাসী রাখাইদের ইতিহাস ঐতিহ্য‘র একটি অংশ প্রবারণা পূর্নিমা উৎসব। ওই উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপি তালতলীস্থ ১২টি রাখাইন পাড়ায় বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত আকাশে উড়েছে অসংখ্য ফানুস।
ওই উৎসবে তালতলীতে আগত পর্যটকরা অতিরিক্ত আনন্দ পাচ্ছে এমন কথা জানালেন অসংখ্য পর্যটক। তালতলীর আগাঠাকুরপাড়া, লাউপাড়া, ছাতনপাড়াসহ উপকুলীয় প্রতিটি রাখাইন পাড়ায় শিশু নারী পুরুষ বৃদ্ধা ওই উৎসবে মেতে উঠেছে ।
বরিশাল থেকে আসা মামুন হোসেন জানান, আমি আদিবাসিদের ফানুস উৎসবের কথা শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এবার নিজের চোখে দেখে খুবই আনন্দ লাগছে। আমার বন্ধুরাও আনন্দ পাচ্ছে।
রাখাইনরা জানান, আমরা প্রতিটি পাড়া থেকে ফারাতারার (খোদা) সন্তুষ্টির জন্য মিও মিও বলে ফানুস আকাশে উড়িয়ে এ উৎসব পালন করছি। প্রতি বছরের মত এবারও সকল ধর্মের লোকজন এ উৎসবে উপস্থিত থাকতে দেখেছি। কোন সমস্যা হয়নি, সবাই মিলে এ আনন্দ উপভোগ করছি।




