হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচির বেলিরচর যমুনা নদীতে দিনে দুপুরে নৌকা বোঝাই ছাগল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৯ অক্টোবর বুধবার সকালে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল বিতর্কে মামলা নেয়নি পার্শ্ববর্তী কোন থানা।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ইঞ্জিনচালিত নৌকাযোগে নিজ এলাকা থেকে ৫ লক্ষাধিক টাকা মুল্যের দেড়শ ছাগল নিয়ে টাঙ্গাইল জেলার শাহাজানী হাটে যাচ্ছিল। পথিমধ্যে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের বেলচর এলাকায় পৌছলে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল তাদের উপর হামলা চালায়। এসময় শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের মানিক ব্যাপারী ও ওহাব ব্যাপারীসহ তাদের ৩ রাখালকে মারধর করে ছাগলগুলো নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে এনায়েতপুর থানার এএসআই বেনু রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বেপারী ও রাখালদের উদ্ধার করে। তবে ওই ঘটনায় মামলা নেয়নি এনায়েতপুর-চৌহালী থানা পুলিশ। ওই ঘটনায় হামলা ও ছিনতাইয়ের শিকার বেপারীরা বেলকুচি থানাতেও অভিযোগ দিতে ব্যর্থ হয়েছেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
এ ব্যাপারে বেলকুচি থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি জানান, ডাকাতির ঘটনাস্থল তার এলাকায় মধ্যে নয়। একই কথা জানিয়েছে এনায়েতপুর ও চৌহালী থানা পুলিশ।




