স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি পশ্চিমপাড়া গ্রামে দা দিয়ে কুপিয়ে স্ত্রী বিলকিছ বেগম ও শাশুড়ি খালেদা বেওয়াকে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম গ্রেফতারকৃত ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহমেদ তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে দাম্পত্য কলহের জের ধরে ইসমাইল হোসেন তার স্ত্রী বিলকিছ বেগম ও শাশুড়ি খালেদা বেওয়াসহ ৫ জনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ত্রী এক কন্যা সন্তানের জননী বিলকিছ বেগম শনিবার রাতেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় সোমবার সকালে শাশুড়ি খালেদা বেওয়া মারা যায়। নিহত ওই দুইজন কাকরকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর মেয়ে ও স্ত্রী। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে বলেও জানান তিনি।




