শেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
আলোচনা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দল এবং কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার অফিস সম্পাদক মো. জিন্নাত আলী, বিভিন্ন বয়সী খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




