মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উফসী জাতের কাজলা বেগুন চাষ করে প্রান্তিক চাষীদের মুখে ফুটেছে। ভাল ফলন প্রাপ্তির সাথে হাটবাজারে উচ্চ মূল্য পাওয়ায় এলাকার চাষীরা ব্যাপক হারে লাভবান হওয়ায় এবার তাদের আনন্দের অন্ত নেই। উপজেলার নাটশাল গোপালপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে কৃষক ছলিম উদ্দিন মন্ডল তিন বিঘা জমিতে, ওছিমুদ্দিনের ছেলে কৃষক রফিকুল ইসলাম আড়াই বিঘা জমিতে এবং আলিমুদ্দিনের ছেলে কৃষক রিপন মন্ডল দুই বিঘা জমিতে এবার উফসী জাতের কাজলা বেগুন চাষ করেছেন। এ বেগুন স্থানীয়ভাবে ইসলামপুরী আবার যশোরী নামে পরিচিত। এ ছাড়াও উপজেলার অন্যান্য এলাকাতেও অনেক কৃষক ওই জাতের বেগুন চাষ করেছেন। কৃষকরা জানায় প্রতিবিঘা জমিতে ওইজাতের বেগুন চাষ করতে সার, বীজ, কীটনাশকসহ পরিচর্যা ব্যয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর এ সমপরিমাণ জমিতে বেগুনের ফলন হয় ২শ’ ৩০ মণ থেকে ২শ’ ৫০ মণ। ওইসব কৃষকের মতে, জমি থেকে তাদের উৎপাদিত প্রতিমণ বেগুন পাইকারগণ ৫শ’ থেকে ৬শ’ টাকায় ক্রয় করে নিয়ে যায়। এতে করে প্রতিবিঘা জমি থেকে বেগুন বিক্রি করে এবার ওইসব খরচ বাদ দিয়ে কমপক্ষে ১ লাখ টাকা ৯০ দিনের মধ্যে লাভ হবে। প্রতিবছর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কৃষি ব্যাংক থেকে কৃষকদের সহজ শর্তে ঋণ সহায়তা দেয়া হলে অধিক পরিমাণ জমিতে বাণিজ্যিকভাবে এ বেগুন চাষের মাত্রা বৃদ্ধি পাবে বলে জানায় সংশ্লিষ্টরা। এতে করে গ্রামীণ অর্থনীতির চাকা সচল হবে আর স্বচ্ছলতা ফিরে পাবে এলাকার শত শত কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম জানান, এখানে ৪শ’ বিঘা জমিতে প্রান্তিক চাষীরা উফসী জাতের কাজলা বেগুন চাষ করেছে। এ বেগুন চাষে কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করাসহ অন্যান্য সহযোগীতা দেয়ার ফলে এবার এ বেগুনের ফলন ভাল হচ্ছে বলে তিনি জানান।




