নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে আজ ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে জনতা ৪ ডিবি পুলিশকে পিটিয়ে গুরুতর আহত করেছে। ওইসময় জনতা ওই ৪ ডিবি পুলিশকে স্থানীয় ইউনিয়ন পরিষদে ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে নালিতাবাড়ী পুলিশ অবরুদ্ধ ডিবি পুলিশদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত পুলিশরা হলো এসআই মিঠু, এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল আব্দুল আওয়াল ও জাফর।

জানা গেছে, নন্নী বাজারে জনৈক শাহিন নামে এক মোবাইল সার্ভিসের দোকানদার তার ব্যবসার আড়ালে ভারতীয় মদের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের এক কনস্টেবল ক্রেতা সেজে ৬ হাজার চিহ্নিত টাকা দিয়ে শাহীনের কাছ থেকে মদ ক্রয় করে। হাবিবুর রহমান খোকন নামে এক লোকের মাধ্যমে মদ সরবরাহ করার সময় পুলিশ খোকনকে আটক করে। পরে শাহিনকে আটক করে হাতকড়া পরায়। ওইসময় চিহ্নিত টাকা ফেরত চাইলে শাহিন হাতকড়া খোলে দিতে বলে। পুলিশ হাতকড়া খুলে দিলে শাহিন ভূয়া পুলিশ বলে চিৎকার করতে থাকলে বাজারে থাকা স্থানীয় জনতা গিয়ে ডিবি পুলিশদের পিটিয়ে আহত করে শাহিনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হযেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




