শ্যামলবাংলা ডেস্ক : তৃতীয় দফায় উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দল স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে অধিকাংশ ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি ১৫ মার্চ শনিবার ৮১ উপজেলায় ভোটগ্রহণের মধ্যে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন। এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে আমরা যে আশঙ্কা ও উদ্বেগের কথা বলে আসছিলাম, আজ সকালে তৃতীয় দফা নির্বাচনের শুরুতে অধিকাংশ ভোট কেন্দ্র দখলের যেসব খবরাখবর আমাদের কাছে আসছে, তা থেকে আমাদের ওই আশঙ্কাই সত্য প্রমাণিত হল। ভোটকেন্দ্র দখলের মহোৎসব চলছে।

৪১ জেলার ৮১ উপজেলায় নির্বাচনে বিএনপি সমর্থিত কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ইতোমধ্যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রিজভী অভিযোগ করেন, ফেনীর দাগনভুঁইয়া, বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ, নড়াইলের লোহাগড়া, রাজশাহীর দুর্গাপুর, বাগেরহাটের সদর, মংলা, রামপাল, শরণখোলা, মোড়েলগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ময়মনসিংহের মুক্তাগাছা, যশোরের মনিরাপুর, কুমিল্লার নাঙ্গলকোট, শরীয়তপুর সদর, পিরোজপুর সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুড়িগ্রাম সদরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছে।
রিজভী বলেন, গত দুই ধাপে উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখলের পরও জনগণ যখনি সুযোগ পেয়েছে, তখনি তারা সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। এবার এটা বুঝতে পেরে সরকার তৃতীয় দফা নির্বাচনে সকাল থেকেই ভোট কেন্দ্র দখল করছে। উপজেলা নির্বাচন চলাকালে প্রধান নির্বাচন কমিশনারের অবকাশ ছুটিতে বিদেশে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সিইসি হাওয়া খেতে ঘুরে বেড়াবেন, সরকার ভোট কেন্দ্র দখল করবেন- এটাই তাদের দুরভিসন্ধি।




