‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো শেরপুরেও নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ। স্বাগত বক্তব্য দেন জেলা বিআরডিবির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, পল্লী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। একইসাথে দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পোল্ট্রি ও গাভী পালন কার্যক্রমের জন্য ৬ জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




