শেরপুরে শিশুবান্ধব বিচার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ‘স্ট্রেংদেনিং অল্টারনেটিভস এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিলড্রেন’ (এসএআরসি) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বুধবার বিকেলে জেলা বিচার বিভাগের উদ্যোগে এবং আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

ওইসময় তিনি শিশুদের অধিকার সুরক্ষা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে আলোকপাত করেন। সেইসাথে তিনি শিশুদের জন্য একটি নিরাপদ ও সংবেদনশীল বিচারিক পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মূল আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ও নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, জেলা লিগ্যাল এইড অফিসার নূর-ই-জাহিদ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন নাহার রুবী, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন প্রমুখ।




