মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি তারা এ শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুনরায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করা হয়।
এদিকে, জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি তার সাথে ছিলেন অন্যান্য বিচারপতিরাও। এরপরই, তিন বাহিনীর প্রধান পরে- মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।
বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।




