শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি রবিবার সকালে শহরের পৌর দারোগ আলী পার্ক মাঠে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ক্রীড়াবিদ ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, মো. জিন্নত আলীসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, কোচ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার বালক-বালিকা ও ৪০০ মিটার বালক-বালিকাদের দৌড়, হাই জাম্প, লং জাম্প, বালিকাদের দড়ি খেলা, গোলক নিক্ষেপসহ ৮টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে বিজয়ী অ্যাথলেটিকসদের প্রশিক্ষণ দেওয়া হবে।




