ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার গভীর রাতে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনীয়া ঢালী বাড়ি শ্রী শ্রী সার্বজননীন দূর্গা মন্দিরে একদল দুর্বত্ত আগুন লাগিয়ে দিয়েছে। এতে মন্দিরটির অবকাঠামো পুড়ে যায়।
স্থানীয়সূত্রে জানাযায় ,১৯৫৫ সালে প্রতিষ্ঠিত পশ্চিম পশারীবুনীয়া শ্রী শ্রী সার্বজননীন দূর্গা মন্দিরে প্রতিবছর শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবার দূর্গা উৎসব শেষে মন্দিরের প্রতিমা দশোহরা উৎসবে বিসর্জণ দেওয়া হয়। এরপর সেখানে নিয়মিত সন্ধ্যা পূজা অর্চণাদি অনু্িষ্ঠত হয়ে আসছিল।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের সম্মূখভাগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। মন্দিরের পার্শ্ববর্তী বাসিন্দা গৃহবধু লাবণ্য রানী মিস্ত্রি ওই সময় প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে মন্দিরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আধাঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে মন্দিরটির ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্দির কমিটি দাবি করেছেন । পুলিশ রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আজ রবিবার সকালে যৌথবাহিনী,র্যাব সদস্যরা দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ইউপি সদস্য শিশির চন্দ্র বড়াল জানান, হিন্দু অধ্যুষিত এই গ্রামে আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা মন্দিরে অগ্নিকান্ড ঘটিয়েছে। বিকেলে মাদার্শী বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার ঘটনা স্থল পরিদর্শন করেণ এবং ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানান।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মতিউর রহমান জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে মন্দিরের স্থাপনার কিছু অংশ পুড়ে ছাই হয়। এঘটনায় থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।




