শ্যামলবাংলা ডেস্ক : নতুন সরকারকে ‘অনৈতিক’ ও ‘অবৈধ’ উলেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভযাত্রার সূচনা হলো। গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিময় যাত্রা শুরু হলো। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর ১২ জানুয়ারী রবিবার রাতে এক বিবৃতিতে তিনি ওই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, উদ্ভট, হাস্যকর তথাকথিত মহাজোটের একতরফা ভোটারবিহীন নির্বাচনের সাজানো নাটকের মধ্যে দিয়ে জনগণের সমর্থনহীন একটি স্বৈরতান্ত্রিক সরকার এই দেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো। এই সরকারের প্রতি বাংলাদেশের শতকারা ৯৫ ভাগ মানুষের কোন সমর্থন নেই।
তিনি বিরোধী দল দেশে শাান্তি ও গণতন্ত্রের পথে চলছে দাবি করে বলেন, আওয়ামী লীগ সকল গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করল। বাংলাদেশকে আবার সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিক্ষেপ করা হল। বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতচেতা মানুষ কোনদিনই এই সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না ও মেনে নেবে না। মির্জা ফখরুল অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, সকল দলের অংশ গ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।




