শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। ওইসময় তিনি বলেন, আমাদের লক্ষ্য শিক্ষিত শেরপুর। সাক্ষরতা বৃদ্ধিতে ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আলাউদ্দিন খান। ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) শাকিল মোহাম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




