শেরপুরের নালিতাবাড়ীতে রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সত্তর বছর বয়সী রহিমা বেগম। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং বর্তমান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিপন এর মা।

২১ জুলাই সোমবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার বিকেলে তিনি ছোট ছেলের রান্নাঘরে অগ্নিদগ্ধ হন।
পারিবারিক সূত্রে জানা যয়, রবিবার বিকেল পৌণে ৫টার দিকে রহিমা বেগম তার ছোট ছেলের রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা চালু করেন। আগে থেকেই লিকেজ দিয়ে রান্নাঘর গ্যাসে ভরে থাকায় চুলায় সুইচ দেওয়ার সাথে সাথেই আগুন ধরে যায়। একপর্যায়ে গ্যাস ও আগুনের চাপে রান্না ঘরের কাঠের দরজা ফেটে গেলে চিৎকার করে তিনি কোনমতে বের হন।

পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ এবং আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ণ ইউনিটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।




