ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবরে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এ দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকে। যুগ যুগ ধরে এ দেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ ব্যথা-বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব-উদ্যমে আবার সব কিছু গড়ে তুলতে সক্ষম হবে। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি—তিনি যেন ঘূর্ণিঝড়কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট সইবার ক্ষমতা দান করেন।

বিএনপির মহাসচিব ঘূর্ণিঝড়ে ১৬ জন মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
এ ছাড়া তিনি উপকূলীয় অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানান।




