৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ওই ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান, আনসার ভিবিডির পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নকলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




