পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। অপরাধ উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণে সচেষ্ট থাকতে হবে। ৭ মে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে হল অব ইন্টেগ্রিটিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবেশনারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আগামী দিনের পুলিশিং হবে জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক মানবিক পুলিশিং। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।’
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বছরব্যাপী প্রশিক্ষণে অপরাধ মোকাবেলার আধুনিক কলাকৌশল সম্পর্কে জানতে হবে।

অপরাধ দমনে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের উপযোগী একজন পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য কঠোর অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে গভীরভাবে প্রশিক্ষণে মনোনিবেশ করতে হবে।’
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। পুলিশের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ সমাজগঠনের লক্ষ্যে নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে। পুলিশের জনবল বাড়ানো হয়েছে। পুলিশের প্রশিক্ষণ আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে।’




