ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ছালেমা বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৯ এপ্রিল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শালদা নয়াপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ছালেমা মালিঝিকান্দা গ্রামের মৃত ময়না পাগলার স্ত্রী ও শালদা গ্রামের আলহাজ্ব আঃ ছামাদের কন্যা।

জানা যায়, বুধবার সকালে শালদা নয়াপাড়া গ্রামের রাস্তার পার্শ্বে ধানক্ষেতে কৃষকরা কাজ করতে গেলে ছালেমার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার ও এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে কে বা কারা ছালেমাকে হত্যা করে বাড়ীর পাশে ধান ক্ষেতে ফেলে রেখেছে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিপ্লব বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









