গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত ৭ যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তিনি বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে এ দুর্ঘটনায় ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইনের সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।

এ ঘটনার তদন্ত পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান। তিনি বলেন, বিকল্পপথে ভৈরব হয়ে অন্যান্য রেল সড়কের সকল ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। রেললাইন সংস্কার করতে ঠিক কত সময় লাগবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতা ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি ৫ সদস্য বিশিষ্ট কমিটি ও রেলওয়ে অনুসন্ধান বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরের নেতৃত্বে ৭ সদস্য এবং রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে একটিসহ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিজি মো. কামরুল আহসান বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এতে ট্রেনের লোকো মাস্টার এমদাদুল হক ও সহকারী লোকোমাস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী আসলাম হোসেন নিহত হয়েছে। অপর সাত ট্রেন যাত্রী আহত হয়েছেন।




