তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন (৫৭) কে ৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-১১। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাতে নগরীর কান্দিরপাড় থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। পরবর্তীতে সকাল ৬টায় তাঁকে কোতয়ালী থানায় সোর্পদ করা হয়। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর শাহেদ জানান, মাদকাশক্ত অবস্থায় ৮ বোতল ফেন্সিডিলসহ তাঁকে আমরা কান্দিরপাড় থেকে আটক করে থানায় হস্তান্তর করেছি।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, র্যাব তাকে ৮ বোতল ফেন্সিডিলসহ থানায় হস্তান্তর করেছে। বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে প্রেরণ করলে তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। ওই আদেশ প্রদান করেন- কুমিল্লা অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অম্লান কুসুম জিষ্ণু।




