মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর শহরের কলেজ মোড়ে যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই সড়ক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা স্বর্ণা- সাকিব নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ- ১৪-০৬৫৫) মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। দ্রুতগতির বাসটি মেহেরপুর শহরে ঢোকার আগে কলেজ মোড়ে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উল্টে যায়। এতে কুিষ্টয়া মজমপুরের সিরাজুল ইসলাম (৪৫), মেহেরপুর সদর উপজেলার ময়ামরি গ্রামের শরিফুল ইসলাম (৩৬), মেহেরপুর শহরের কলেজ পাড়ার কাজেম-এর ছেলে বাসের হেলপার মেহেদী হাসান (২২) ও গাড়াডোব গ্রামের শফির ছেলে শান্ত (২৩) ঘটনাস্থলেই মারা যায়। মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে রাস্তার দু’পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখায় সামনে পিছে দেখতে না পাওয়ার কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। শহরের কোথাও কোন ট্রাক ষ্ট্যান্ড না থাকায় দীর্ঘদিন থেকে সেখানে রাস্তার দু’পাশে ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়।









