চারঘাট প্রতিনিধি, রাজশাহীঃ তফসীল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘন্টা অবরোধ ১৮ দল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে রাজশাহীর চারঘাটে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার হলিদাগাছি রেলগেটে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদের নেতৃত্বে বিএনপি-জামায়াত সড়ক অবরোধ ও মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষ বাধে । মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, বিএনপি কর্মী সুমন, সাইদুর, সাজ্জাদ ও মুক্তা আহত হন। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে বিক্ষুদ্ধ বিএনপি-জামায়াত কর্মীরা সরদহ রেলওয়ে স্টেশনে অবস্থানরত উত্তরা এক্সপ্রেসে আগুন দেয়। তবে দ্রুত তা নিভিয়ে ফেলায় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। এ দিকে দুপুরে অবরোধকারীরা সারদা ও হলিদাগাছী এলাকায় ৪টা মটরসাইকেল ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তূজা ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন দেওয়ার সংগে সংগে থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ তৎক্ষনাৎ আগুন নিভিয়ে ফেলে তাই কোন প্রকার ক্ষয়-ক্ষতি হয়নি।
এদিকে সোমবার রাতে উপজেলা নির্বাচন অফিসে পরপর দু‘টি এবং বাংলাদেশ পুলিশ একাডেমির ভিআইপি গেটের সামনে চারঘাট মডেল থানার পিকআপ গাড়ীর সামনে অপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।




