মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : দশম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ- গাজীপুর মহানগরীর আংশিক) আসনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে ৯ জন মনোনয়ন প্রত্যাশী। তবে কে হাসবে শেষ হাসি? এটা দেখার জন্য এ আসনের সাধারণ ভোটাররা অপেক্ষা করছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গাজীপুর-৫ (কালীগঞ্জ-গাজীপুর মহানগরীর আংশিক) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ছাড়াও ৮ সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাবেক ডাকসুর ভিপি ও সংদস সদস্য বর্তমান গাজীপুর জেলা পরিষদের প্রসাশক আখতারউজ্জামান, সাবেক সংদস সদস্য ডা. আসফার হোসেন মোল্লা, আশির দশকের বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত মো. আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি এস.এম নজরুল ইসলাম, জেলা আ‘লীগ সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মুফিজুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ‘লীগ নেতা আজিজ মাঝি, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি রেজাউল করিম ভূঁইয়া ও যুবলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য তোবারক হোসেন বাগমারের নাম শোনা যাচ্ছে। এ আসনে ৯ জন মনোনয়ন প্রত্যাশী হলেও এখানকার লোক মুখে দু‘টি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। মেহের আফরোজ চুমকি ও আখতারউজ্জামান। ওই ২ জনের যে কোন একজন এ আসনে আ‘লীগ প্রার্থী হলে কেউ অবাক হবেনা। এর বাইরে যদি কেউ প্রার্থী হয়, তবে সেটা হবে সকলের জন্য চমক। তারপরও সাধারণ ভোটারদের সাধারণ কথা প্রার্থী যেই হোক এলাকার উন্নয়নে সবাই এক সাথে কাজ করবে- এটাই প্রত্যাশা।




