স্টাফ রিপোর্টার ॥ ১০ দিনের সরকারি সফরে বিদেশ যাচ্ছেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। আগামী ৩১ আগস্ট তিনিসহ দেশের আরও ২৫ টি পৌরসভার মেয়রগণ স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে ওই সফরে যাবেন। ১০ দিনের ওই সফরে প্রথম ৫ দিন দক্ষিণ কোরিয়া ও পরবর্তী ৫ দিন থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় সফর করবেন তারা। নাগরিকদের সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে পরিদর্শন ও ধারণা নেওয়া হবে ওই সফরে। সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
এদিকে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের বিদেশ যাত্রা উপলক্ষে ২৮ আগস্ট বুধবার সকালে পৌরসভায় সম্মেলন কক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মানিক দত্ত, হাকিম বাবুল, আসাদুজ্জামান মোরাদ, মহিউদ্দিন সোহেলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সফর সফলভাবে শেষ করে সুন্দর এবং সুস্থ্যভাবে যেন দেশে ফিরে আসতে পারেন সে জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়ে পৌর মেয়র লিটন বলেন, মেয়র হিসেবে আমি বেশ কয়েকটি দেশে সফর করেছি। যতোবারই বিদেশ ভ্রমণে গিয়েছি, ততোবারই সে দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেরপুরে ভালো কিছু করার চেষ্টা করেছি। তবে এটি এ মেয়াদে আমার প্রথম বিদেশ সফর। এবারের সফর থেকেও শেরপুরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই।





