শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক মোঃ মতিউর রহমান মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মনিরুজ্জামান তুষার (তুহিন)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের বর্তমান কর্মরত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান মিথ্যা তথ্যের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ও কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তার ব্যক্তিগত স্বার্থকে হাসিল করতে নানান পায়তারা করছেন। সেজন্য তিনি গত ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে তার বিরুদ্ধে আনিত নানা অনিয়ম ও দুর্নীতি দায় এড়িয়ে যাওয়ার জন্য স্থানীয় কিছু লোকজন এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী দিয়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই সমাবেশে তিনি পূর্বের প্রধান শিক্ষক নুরুন্নবী আজাদকে দায়ী করে এবং আমাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে সমাজে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছেন। অথচ বর্তমান প্রধান শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে পূর্বে তার নিজের সহকারী প্রধান শিক্ষক পদ নিয়োগ অবৈধ, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিকাশে অস্বচ্ছতা, বিদ্যালয়ের নামে বেশ কয়েকটি দোকান বরাদ্দ এবং ভাড়ার আয়-ব্যায়ের কোন হিসাব না দেওয়াসহ আগামীতে একটি পকেট অ্যাডহক কমিটি দেয়ার পায়তারা করছেন। যাতে ওই কমিটি তার সকল অপকর্ম মুছে দেয়।
তিনি যদি স্থানীয় জনমতকে উপেক্ষা করে অ্যাডহক কমিটির নামে কোন পকেট কমিটি করার চিন্তা করে তবে এর জন্য কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় এই প্রধান শিক্ষককেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রীতি বিভিন্ন জাতীয় দৈনিকে বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানার দুর্নীতির রিপোর্ট প্রকাশ করা হলে তিনি বিক্ষুব্ধ হয়ে ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলকে দিয়ে বিক্ষোভ সমাবেশ করান।




