শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধান, মসলা, ফল ও সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান । ওইসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম খানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপজেলার মোট ৪ হাজার ৪১৫ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে আমন ধান চাষের জন্য ২ হাজার, মরিচ চাষের জন্য ৭০, লেবু চাষের জন্য ৫০, বৃক্ষরোপণের জন্য ৫৪৫ এবং শাকসবজি উৎপাদনের জন্য ১ হাজার ৭৫০ জন কৃষক প্রণোদনা সহায়তা পাবেন।




