চিত্রনায়ক ওমর সানি বলেছেন, আমি ব্রাজিলের সমর্থক। তবে এটা স্বীকার করতেই হবে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলাই তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পারে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শালমারা খেলার মাঠে আয়োজিত সামিউল হক সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওমর সানি বলেন, আমি একজন অভিভাবক হিসেবে সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাই, আপনার সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করুন। কারণ আমাদের পুরো বাংলাদেশের আকাশ যেন ইয়াবা, হেরোইনসহ নানা ধরনের মাদকের ছোবলে ছেয়ে গেছে। আমাদের সঙ্গে থানার ওসি মহোদয় উপস্থিত আছেন, তিনিও নিশ্চয়ই বিষয়টির ভয়াবহতা উপলব্ধি করেন।

বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমি বিশ্বাস করি ২০৩০ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে বাংলাদেশও অংশ নেবে। এজন্য এখন থেকেই দেশজুড়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে হবে এবং তাদের পরিচর্যা করতে হবে।
তিনি আরও বলেন, আজ মাঠে হলুদ জার্সিধারীর সংখ্যাই বেশি। আমিও হলুদের, অর্থাৎ ব্রাজিলের সমর্থক। তবে এটা স্বীকার করতেই হবে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।
সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় একাডেমির চেয়ারম্যান সামিউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ম্যাচে সামিউল হক স্পোর্টস একাডেমি ৪-১ গোলের ব্যবধানে আদর্শ ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এছাড়া স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষ থেকে উভয় দলকে পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়।




