শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমের সম্পর্ক জেনে ফেলায় পরিবারের চাপে বিষপান করে প্রেমিকের বাড়িতে যাওয়ার পর মনতাজুর রহমান দীপা (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১৬ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ীর কিল্লাপাড়া গ্রামের এক সন্তানের জনক মো. সুজনের (২৬) সঙ্গে দীপার বেশকিছুদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি প্রেমের বিষয়টি দীপার পরিবারের লোকজন জেনে যায় এবং এ নিয়ে তাকে শাসন করে। মঙ্গলবার দুপুরে দীপা বাড়ির সবার অগোচরে কদমতলী বাজারে গিয়ে কীটনাশক কিনে ও কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গিয়ে তা পান করে। এরপর সে অটোরিকশায় করে ছুটে যায় প্রেমিক সুজনের বাড়িতে। সেখানে যাওয়ার পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পায়। পরে দ্রুত সে দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর পরপরই দীপার মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা গেছে, সুজন এর আগে বিয়ে করলেও ওই সংসার তার বেশিদিন টেকেনি। উপরন্তু বয়স কম থাকায় ওই বিয়ের রেজিস্ট্রি না হওয়ায় বর্তমানে স্ত্রীর দায়ের করা মামলা চলছে। ইতোমধ্যেই ওই স্ত্রীর অন্যত্র বিয়েও হয়ে গেছে।




