শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ মে শনিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম। ওইসময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগের ৪টি খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শক ক্ষুদে ফুটবলারদের চমৎকার ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন এবং তাদের করতালি দিয়ে উৎসাহিত করেন।




