গত ঈদুল ফিতরে চালু হয়েছে রীতিটা, যেটি এবারও থাকছে। আর তা আগেভাগেই ঈদের আমেজ নিয়ে এসেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে। এবারও বিসিবির কাছ থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। উপহার পাবেন তাদের স্ত্রী-সন্তানরাও। উদ্যোগটা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের। এর উদ্দেশ্য ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরো উষ্ণ করে তোলা। বিসিবি-ক্রিকেটার আর তাদের পরিবারের সদস্যরা মিলে যে আসলে শেষ পর্যন্ত একটা বৃহৎ পরিবার, সেই অনুভূতি ছড়িয়ে দেওয়া। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস এরই মধ্যে ঈদ উপহার সংস্কৃতির ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরো অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরো ভালো।
গতবার উপহারের প্রথম বছরে স্ত্রীদের আনন্দ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রিকেটারদের। কারণ, সেবার শুধু তাদের স্ত্রীদেরই ঈদ উপহার হিসেবে সালোয়ার-কামিজ পাঠিয়েছিল বিসিবি, ক্রিকেটারদের জন্য কিছু নয়! তবে এই ঈদে আর কাউকেই মন খারাপ করে থাকতে হবে না।
গিফট প্যাক যাবে গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন—এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের নামে।
এছাড়া গত এক বছর কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরও ২০ জনের জন্যও থাকছে একই উপহার।

তা ঈদ উপহার হিসেবে কী পাচ্ছেন ক্রিকেটাররা? পাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাঞ্জাবি-পাজামার সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ।
বাদ যাবে না ক্রিকেটারদের সন্তানরাও। তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেট বক্স।




