রজব বকশীর কবিতা : একমুঠো আলোর বৈভব

আরিফ হাসান
রজব বকশী আশির দশকের একজন নিভৃতচারী কবি। তার জন্ম ১৯৬৫ সালের ১ অক্টোবর, জামালপুর জেলার বকশীগঞ্জে। তিনি আমার অগ্রজ কবি। দুই যুগেরও বেশি সময় ধরে তার কবিতা পড়ে আসছি। বিচিত্র সব বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতা পড়লে কবিতা পাঠের তৃষ্ণা আরো বেড়ে যায়।

তিনি কবিতার ব্যাকরণ ও প্রকরণ মেনে কবিতায় শব্দ প্রয়োগ করেন। মাত্রা ও ছন্দে রয়েছে তার অগাধ দখল। ‘তুমি আমার হৃদয়ে জেগে আছো’ একটি চমৎকার ছন্দোবদ্ধ কবিতা।
তুমি আমার হৃদয়ে জেগে আছো
জল স্থল অন্তরীক্ষে
যখন যেখানে যাই
সঙ্গে সঙ্গে থাকো
তোমার কৃপায় জন্ম নিয়ে আমি বুঝতে শিখেছি
তুমি ব্যতীত আমার আর কোনো সৃষ্টিকর্তা নেই
তোমার দয়াতে বাঁচি মৃত্যুর স্বাদ গ্রহণ করি
তুমি জ্ঞানের সমুদ্র অপার বিস্ময়
আমি শুধু উপকূলে ঝিনুক কুড়াই
তার কবিতায় উপমা, উৎপ্রেক্ষা, অলঙ্কারের সার্থক প্রয়োগ লক্ষণীয়। ‘কালো পিঁপড়ার সারি’ একটি শিল্পোত্তীর্ণ কবিতা।
পাতায় পাতায় কালো পিঁপড়ার সারি
স্থির হয়ে আছে
যখন পড়তে থাকি
ধীরে কিংবা ত্রস্ত পায়ে হেঁটে যায়
পাখা গঁজিয়ে কখনো উড়ে
অনুভূতির সুড়ঙ্গ পথে পথে
একটি মেসেজ নিতে
কালো পিঁপড়ার সারিতে হাঁটতে থাকি
তার কবিতায় ফুটে উঠেছে আমাদের যাপিত জীবনের চিত্র। এ প্রসঙ্গে ‘নাচের পুতুল’ কবিতাটির নাম উল্লেখ্য।
কোন পথে হাঁটি, কার কাছে যাই
একটু দাঁড়াবো–ভাববো নিজের মত করে
বাধার প্রাচীর হয়ে সামনে দাঁড়ায় ভণ্ড ও ঘাতক
নষ্টদের অধিকারে আজ সময় বাগান কীটদষ্ট
দেখি চারদিকে ঘৃণ্য প্রহসন কিলবিল করে
কোথাও শান্তি নেই স্থিরতা নেই
তার কবিতায় আছে মানবজীবন দর্শন। এ ক্ষেত্রে ‘যোগসূত্র’ কবিতাটির কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।
কেবল আমি নই
তুমিও হৃদয় সংকীর্তনে আলোকিত পথিকবর
যদি হই মানবগাছ ঘাস লতাগুল্ম
দরদি সর্বংসহার সাদর সম্ভাষণে দু হাত বাড়াও
………………..
স্বার্থগন্ধের চোরাবালিতে ছটফট মন
বলি অহঙ্কার মাটিতে পুঁতে দাও
পোড়াও আগুনে যত হিংসা বিবাদ বিচ্ছেদ বেদনা
উড়ে যাক নষ্ট ঝড়ো হাওয়া বহুদূর
রজব বকশী তিন দশকের বেশি সময় ধরে দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকা, ম্যাগাজিন, পোর্টাল, ই-পত্রিকায় নিয়মিত লিখছেন। এ পর্যন্ত তার ছয়টি কাব্যগ্রন্থ, একটি ছড়াগ্রন্থ এবং দুটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ : ধূসর এলবাম, উদ্ধত আঁধার, যে হাতে পায়রা ওড়ে, সেইসব দরজা জানালা জেগে ওঠে, ছায়াসঙ্গী মায়াসঙ্গী, তৃষ্ণার ধ্বনি প্রতিধ্বনি। ছড়াগ্রন্থ : ডুমুর ফুলের মউ। গবেষণাগ্রন্থ : জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জামালপুর জেলার ইতিহাস।
তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার।
পেশাজীবনে তিনি ছিলেন বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক।
রজব বকশীর কবিতা যেন একমুঠো আলোর বৈভব। তার কবিতা পড়ে পাঠক অপরিমেয় আত্মতৃপ্তি লাভ করেন। আর এখানেই তার কাব্যচর্চার সার্থকতা।
আরিফ হাসান : কবি ও সম্পাদক, সাহিত্যলোক।




