শেরপুরের ঝিনাইগাতীতে ৩২ বছরেও নির্মিত হয়নি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে যাতায়াতের রাস্তা। ফলে পরিষদের কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ হচ্ছে।

জানা গেছে, ১৯৯২ সালে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজার সংলগ্ন হাইওয়ে রাস্তার পশ্চিম পাশে হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা হয়। ইউনিয়ন পরিষদ ভবন থেকে প্রধান সড়কে বের হতে রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন জমি লিখে দেন। কিন্তু ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের সাথে বেলাল উদ্দিনের মতবিরোধ ও আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে বেলাল উদ্দিন পরিষদের রাস্তার জন্য দেয়া জমি না দিয়ে ওই জমির উপর পরিষদ থেকে বের হওয়ার রাস্তার সামনে ঘর নির্মাণ করে পরিষদে যাতায়াতের পথ বন্ধ করে দেন। এ কারণে দীর্ঘ ৩২ বছরেও পরিষদ ভবনে যাতায়াতের রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি। এতে পরিষদের প্রশাসনিক সকল কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিষদ ভবন থেকে কাঙ্খিত সেবা পাচ্ছে না সেবাগ্রহীতারা।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, পরিষদ ভবনে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের বিষয়ে প্রথম দিকে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোন কাজে আসেনি। এরপর প্রশাসনের পক্ষ থেকে আর তেমন কোন তৎপরতা দেখা যায়নি। তবে পরিষদ ভবনের রাস্তা নির্মাণের বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা অনেকটাই আন্তরিক। এ বিষয়ে ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফায় বৈঠক করেছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তা নির্মাণের বিষয়ে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। আমরা আশাবাদী রাস্তা নির্মাণের বিষয়ে।




