দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে শেরপুরের অপর দুটি আসনে যখন উত্তাপ, ঠিক তখন ভোটের হাওয়া একেবারেই নিরুত্তাপ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে। শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এ আসনে একেবারেই নির্ভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তবে এ আসনে ভোটার উপস্থিতিই প্রার্থী ও আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শেরপুর-২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২৭১ জন। এ আসনে মতিয়া চৌধুর ছাড়া বাকী ২ প্রার্থী জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাজাহান (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুরের (ঈগল) ভোটের মাঠে নেই কোন অবস্থান। প্রচার-প্রচারণাও চোখে পড়ার মতো নয়।
বেগম মতিয়া চৌধুরী এ আসন থেকে ৫ দফায় নির্বাচিত সংসদ সদস্য। তিনি শেখ হাসিনা সরকারের ২ মেয়াদে কৃষিমন্ত্রী থাকায় এবং দলের একজন সিনিয়র ও প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার পাশাপাশি এলাকার উন্নয়ন করেছেন নজরকাড়া। এখন বয়সের ভারে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এ জাতীয় নেতা। কিন্তু এবারের নির্বাচনে এ আসনে দলের যেমন স্বতন্ত্র বা বিদ্রোহী কোন প্রার্থী নেই, তেমনি তার সাথে ভোটে লড়ার মতো অবস্থাসম্পন্ন কোন প্রার্থীও নেই মাঠে। যদিও এ আসনে দলীয় মনোনয়ন পেতে একাধিক হেভিওয়েট প্রার্থী জোর লবিং এ ছিলেন। কিন্তু শেষটায় তাদের কেউ অপর দুটি আসনের মতো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে বসেননি।

ফলে মতিয়া চৌধুরী রয়েছেন নির্ভার, তার বিজয় সময়ের ব্যাপার মাত্র। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোটাই এ আসনে আওয়ামী লীগের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সে অনুযায়ীই কাজ করছেন আওয়ামী লীগের প্রার্থী ও দলের নেতাকর্মীরা।






