এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য আফগানিস্তানকে ছুঁতে হতো ৩৭.১ ওভারের মধ্যে। কিন্তু ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও সুযোগ ছিল তাদের। সেক্ষেত্রে ৩৭.৪ ওভারের মধ্যে করতে হতো ২৯৫ রান। এমনকি স্কোর টাই করার পর, মানে ২৯১ রান করার পরও ছক্কা মেরে জিতলে আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত।

কিন্তু অবাক করা ব্যাপার হল, মুজিব উর রহমান আউট হওয়ার পর ফজলহক ফারুকি ছক্কা মারার কোনো চেষ্টাই করেননি। যেহেতু তিন বলে ছয় রান লাগবে, মুজিব চাইলেই সিঙ্গেল নিয়ে রশিদকে স্ট্রাইক দিতে পারতেন। উল্টো চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে যাওয়াতে ২ রানে হেরেই গেল আফগানিস্তান। ফলে তাদেরকে টপকে সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হচ্ছে শ্রীলঙ্কাই।
মুজিব আউট হওয়ার পর নন-স্ট্রাইক প্রান্তে থাকা রশিদের হতাশাই বলছিল, তখনো যে সুযোগ আছে সেটি তারা জানতেন না। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে সেটি স্বীকারও করে নিয়েছেন আফগান কোচ ইংলিশ কোচ জোনাথন ট্রট। তিনি বলেন, ‘আমাদের হিসাবগুলো সম্পর্কে জানানো হয়নি। আমরা যা জেনেছি, তা হলো আমাদের ৩৭.১ বলের মধ্যে জিততে হবে। আমাদের বলা হয়নি কত ওভারের মধ্যে আমরা ২৯৫ বা ২৯৭ রান করলেও হবে। ৩৮.১ ওভারের মধ্যে জয়ের বিষয়টি আমাদের কখনোই বলা হয়নি।’

আফগানিস্তানের হিসাবের এই গরমিল ফিরিয়ে এনেছে ২০০৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্মৃতি। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কাই। ২৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সুপার সিক্সে যেতে ম্যাচটি জিততেই হতো তাদের।
হার্শেল গিবস ও গ্রায়েম স্মিথ দারুণ শুরু এনে দিয়েছিলেন। কিন্তু তাদের পর বোয়েটা ডিপেনারকে হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। অবশ্য শন পোলক ও মার্ক বাউচারের জুটি আবার ম্যাচে ফেরায় তাদের।
৪৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ২১৬ রান। দক্ষিণ আফ্রিকার রান তাড়ায় ৪৫তম ওভারটি করতে আসেন মুত্তিয়া মুরালিধরন। আর কোনো উইকেট না হারালে ডিএল পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার ৪৫তম ওভার শেষে জয়ের জন্য প্রয়োজন ২২৯ রান, দক্ষিণ আফ্রিকা জানত এমন।
প্রথম চার বলে ওয়াইডে চারসহ দক্ষিণ আফ্রিকা তোলে ৭ রান। পঞ্চম বলে ছক্কা মারেন বাউচার। এরপর উল্লাসও করেন, কারণ ১৩ রান যে উঠে গেছে! শেষ বলটি ব্লক করেন, সিঙ্গেল নেওয়ার কোনো চেষ্টাই করেননি। এরপরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা, আর শুরুই হতে পারেনি সেটি।
ভুলটা কিছুক্ষণ পর বুঝতে পারে দক্ষিণ আফ্রিকা। কারণ জয়ের জন্য ৪৫তম ওভার শেষে তাদের প্রয়োজন ছিল ২৩০ রান, ২২৯ রান করলে ম্যাচ হতো টাই। শেষ পর্যন্ত হয়েছে সেটিই। ওই ম্যাচ টাই হওয়াতে সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা, ঘরের মাঠের বিশ্বকাপে তারা হয়ে পড়ে দর্শক।









