পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অপেক্ষার পর অভিষেকও হয়ে গেছে মেসির। দুর্দান্ত গোলে প্রথম ম্যাচেই জিতিয়েছেন ক্লাবকে।

এদিকে আর্জেন্টিনার মতো মায়ামির দায়িত্বও উঠছে মেসির কাঁধে। সোমবার মায়ামির কোচ তাতা মার্তিনো মেসিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেন কিছুদিন আগে। গত রোববার অভিষেক হয় তার। সেই ম্যাচটিতেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এদিকে মায়ামির আগের অধিনায়ক গ্রেগর পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। এমতাবস্থায় নেতৃত্বের ভার কার ওপর পড়বে? এমন প্রশ্নে ক্লাবটির কোচ জানিয়ে দিলেন, মেসিই থাকছেন, তিনিই থাকবেন।
তাতা মার্তিনো বলেন, ‘ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে। ’
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লিগস কাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্যে আতালান্তা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।









