আফগানিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ১৪৬ রানের অসাধারণ সেঞ্চুরিটি করার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারের প্রথম বলে হাশমত উল্লাহ শহিদিকে স্কয়ার লেগে ঠেলে দিয়েই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি উদযাপন করেন শান্ত। প্রথম ইনিংসের মতোই দৌড়ে মাঠের একপাশে এসে মাথার হেলমেট খুলে ব্যাট এগিয়ে তিনি চুমু ছুঁড়ে দিলেন গ্যালারির উদ্দেশ্যে।
১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। দু’দিন আগে প্রথম ইনিংসে ১১৮ বলে করেছিলেন সেঞ্চুরি। সেবার ১৪৬ রানে আউট হন শান্ত। আর দ্বিতীয় ইনিংসে থামলেন ১৫১ বলে ১২৪ রান করে।

এর আগে কি অসাধারণ এক জুটি গড়ে তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। অথচ, সেই জুটিরই কিনা যবনিকাপাত ঘটলো একটি ঝুঁকি নিতে গিয়ে রানআউট হওয়ার মধ্য দিয়ে। ১৭৩ রানের বিশাল এক জুটি গড়ার পর রানআউটে কাটা পড়ে বিদায় নিলেন জাকির হাসান। ৭১ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি।









