আমার যত স্বপ্ন ছিল নীরব মগ্নতায় দেখা
তোমার পাপড়ি দোলানো বাদামী চোখে,
তুমি স্বপ্নে আঁকলে স্বপ্ন ভাঙ্গার রেখা
কালের কিংবা যুগধর্মের আদল মেখে।

তোমার চোখের জলপাই বনে আনন্দে দুলেছি কত
আমার সত্ত্বার বিমূর্ত প্রতীক তুমিময় চেতনায়,
অথচ এখন কাঁকড়ের মত হেঁটে বেড়াই ক্রমাগত
হৃদয়ের মখমল সুখ বিধ্বস্ত তুমি বিনা বালির শয্যায়।







