৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাদের ১৭৭ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি ভারত।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর চলতি সফরে এটিই কিউইদের প্রথম জয়। টি-টোয়েনিটতে চতুর্থবারের মতো ভারতের মাটিতে দুইশর কম রানের সংগ্রহ নিয়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড। বিশ্বের আর কোনো দল ভারতের মাটিতে একবারও যা পারেনি। ২৭ জানুয়ারি শুক্রবার সফরকারীদের জয়ের নায়ক ড্যারেল মিচেল। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে স্রেফ ৩০ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে ৫৩ রান পায় নিউ জিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারে দারুণ টার্নিং ডেলিভারিতে ইশান কিষানকে (৫ বলে ৪) বোল্ড করেন ব্রেসওয়েল।
পরের ওভারে জ্যাকব ডাফির বলে কট বিহাইন্ড হন রাহুল ত্রিপাঠি। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আর মিচেল স্যান্টনারের টার্ন ও বাউন্সে পরাস্ত হন শুবমান গিল। টাইমিংয়ের গড়বড়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার।

শুরুর ধাক্কা সামলে হার্দিক পান্ডিয়া-সূর্যকুমারের চতুর্থ উইকেট জুটিতে আসে ৫১ বলে ৬৮ রান। ইশ সোধির দ্বাদশ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে পরের বলেই আউট হয়ে যান সূর্যকুমার। ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে তিনি খেলেন ৪৭ রানের ইনিংস। পরের ওভারে একই পথে হাঁটেন পান্ডিয়া। ব্রেসওয়েলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরা ভারত অধিনায়ক ২০ বলে করেন ২১ রান। ষোড়শ ওভারে নিজের কোটার শেষ ওভার করতে এসে ভারতের শেষ স্বীকৃত ব্যাটসম্যান দিপক হুডাকে ফেরান স্যান্টনার। ১০ বলে ১০ রান করে স্টাম্পড হন হুডা।
এরপর একাই লড়ে যান ওয়াশিংটন। অপর প্রান্তে একের পর এক উইকেট পতনের মাঝে টিকিয়ে রাখেন আশা। তবে তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। স্রেফ ২৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ওয়াশিংটন। ৫ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেই শেষের আগের বলে আউট হন তিনি।
স্পিন বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ১১ রান খরচায় ২ উইকেট নেন স্যান্টনার। ব্রেসওয়েল ও ফার্গুসনও নেন ২টি করে উইকেট।









